রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাজারে সরকারি নিয়মে ইজারা নেওয়ার পরও বাজারের দৈনন্দিন কালেকশন কার্যক্রম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এবং তাঁদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় আলোচনা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিনা ইজারায় রায়েরবাগ বাজার ও সংলগ্ন ফুটপাত দখল করে সেন্টু ও তাঁর ভাগনে লিটনের নেতৃত্বাধীন একটি পক্ষ অবৈধভাবে টাকা আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে সরকারিভাবে ইজারার ডাক অনুষ্ঠিত হলে কে বি ট্রেডার্স বাজারটি ইজারা গ্রহণ করে। এর ফলে দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ টাকা আদায়ের কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে স্থানীয়দের দাবি।
অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে সেন্টু ও তাঁর সহযোগীরা বাজারসংলগ্ন ফুটপাত এবং বাজারের আশপাশের এলাকা দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে ইজারাদারের লোকজনকে বিভিন্ন সময়ে নানা ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল।
এ ছাড়া ফুটপাতের ওপর অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেওয়ার চেষ্টা করলে ইজারাদারের লোকজন তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সেন্টু, তাঁর ভাগনে লিটন, সবুজ, আইয়ুব আলী, সোহেল, জাহিদ, কুদ্দুস, মোহাম্মদ আলী, আব্দুস সাত্তার, মনির, রোমান, শাকিলসহ আরও অসংখ্য ব্যক্তির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে বাজার কমিটির সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।
এ হামলায় বাজার কমিটির মোরশেদ, সাগর, সাঈদুল, আরমান, সাদিকুর রহমান সাদিক, সবুজ, দায়িত্বশীল সালাউদ্দিনসহ কয়েকজন গুরুতর আহত হন। তাঁরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে বর্তমানে নিজ নিজ বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, হামলার পরপরই অভিযুক্ত ব্যক্তিরা সরকারি ইজারার আওতাধীন বাজারের ভেতরে প্রবেশ করে বিভিন্ন দোকানপাটে হামলা চালান। একই সঙ্গে বাজারের প্রতিদিনের কালেকশন কার্যক্রম বন্ধ করে দেন এবং কালেকশনের কাজে নিয়োজিত ব্যক্তিদের বাজার থেকে বের করে দেন।
এমনকি বাজারের দোকানদার ও ফুটপাতের ব্যবসায়ীদের উদ্দেশে হুমকি দিয়ে বলা হয়, এ বিষয়ে কেউ মুখ খুললে তাঁদের হাত-পা ভেঙে দেওয়া হবে। এমন হুমকির কারণে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা
এ অবস্থায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাজার-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার জরুরি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে বাজারে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা এবং অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 





















