চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তাঁদের ব্যবহৃত দুটি ইজিবাইক জব্দ করা হয়েছে। জব্দ করা হেরোইন ও ইজিবাইকের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি এলাকার দরগার মোড় পাকা রাস্তার ওপর, সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভোলাহাট উপজেলার পাঁচটিকরী গ্রামের মো. মাসুদ রানা আসিক (৩০), সুরানপুর গ্রামের মো. এনায়েতুল্লা শিমুল (২০) এবং বিরেশ্বরপুর গ্রামের মো. আনোয়ার হোসেন (৪৫)।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করছে। মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোহা. রকিব উদ্দীন-স্টাফ রিপোর্টার 
























