আন্তর্জাতিক বিরতিতে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচ খেলবেন রাফিনহা। গত দুটি ফিফা উইন্ডোতে গিয়ে চোট পাওয়ায় তাঁকে নিয়ে উদ্বেগ বাড়ছে বার্সেলোনা শিবিরে। আবার যেন চোট নিয়ে স্পেনে ফিরতে না হয়, সেই প্রার্থনা করছে কাতালান জায়ান্টরা। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, জাপানের বিপক্ষে ব্রাজিলকে নেতৃত্ব দেবেন বার্সেলোনা অধিনায়ক।
মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন বলছে, ব্রাজিল জাতীয় দলে রাফিনহার অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। জাপানের বিপক্ষে শনিবারের ম্যাচে তিনি অধিনায়কের আর্মব্যান্ড পরবেন। বার্সেলোনার বিপক্ষে পিএসজির চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ডান ঊরুতে চোট পান ব্রাজিল অধিনায়ক মারকুইনহোস। ২০২১ সাল থেকে সেলেসাওদের নেতৃত্ব দিয়ে আসা এই ডিফেন্ডার মাঠে থাকবেন না। তাঁর অনুপস্থিতিতে অধিনায়ক হবেন রাফিনহা।
বার্সেলোনা তারকা জাতীয় দলকে এবারই প্রথম নেতৃত্ব দেবেন না। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচের একটিতে অধিনায়ক ছিলেন তিনি। কোচিং স্টাফরা প্রতিষ্ঠিত নেতা ব্রুনো গুইমারায়েস, ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মাগালায়েসকে পালাক্রমে অধিনায়কত্ব দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বার্সেলোনা তারকাকে অধিনায়ক করার সিদ্ধান্ত বহাল রেখেছেন। তবে তিনি মাঠে না থাকলে গুইমারায়েস অধিনায়কের দায়িত্ব পালন করবেন।
ক্রীড়া ডেস্ক 
























