বিমানবন্দর রেলওয়ে স্টেশনে টিকিট পরীক্ষার নামে যাত্রীদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের বিরুদ্ধে। টিকিট না থাকার সুযোগ নিয়ে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এমনকি অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিকও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, বিভিন্ন গন্তব্য থেকে আসা ট্রেন বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর পর যাত্রীদের দাঁড় করিয়ে টিকিট পরীক্ষা করেন আরএনবির সদস্যরা। টিকিট না থাকলে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা হয়। নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট থেকে আসা একাধিক যাত্রীও এমন হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছেন।
এক শিক্ষার্থী জানান, পরীক্ষা থাকায় টিকিট না পেয়ে ট্রেনে উঠেছিলেন তিনি। বিমানবন্দর স্টেশনে নামার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন এবং টিকিটের মূল্যের চেয়ে বেশি টাকা নিয়ে ছেড়ে দেন।
এদিকে, অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের মুঠোফোন তল্লাশির অভিযোগও উঠেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।
রেলওয়ের নিয়ম অনুযায়ী, ট্রেনের টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব টিটিই এবং সংশ্লিষ্ট টিকিট কর্মকর্তাদের। নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিটিইর উপস্থিতিতে প্রয়োজনে সহযোগিতা করতে পারলেও যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায়ের ক্ষমতা তাঁদের নেই।
এ বিষয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) উপস্থিত থাকলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিকিট পরীক্ষায় সহযোগিতা করতে পারেন। তবে কোনো অবস্থাতেই তাঁদের জরিমানা করার ক্ষমতা নেই।
যাত্রীদের হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
নিজস্ব প্রতিবেদক 





















