ভোলার চরফ্যাশনে এক সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিটের ওই ভিডিও ঘিরে এলাকায় ব্যাপক সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযুক্ত শাহাবুদ্দিন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে খালি গায়ে বসে আছেন শাহাবুদ্দিন। এ সময় গ্যাসলাইটের আগুনের তাপ ব্যবহার করে পাইপের মাধ্যমে তাঁকে ইয়াবা সেবন করতে দেখা যায়। কক্ষে এ সময় আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তবে তাঁদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওসমানগঞ্জ ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত। এ ছাড়া নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়রা আরও বলেন, ভিডিওটির সত্যতা যাচাই করে দ্রুত তাঁর মাদকাসক্তি পরীক্ষা এবং অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে অভিযুক্ত শাহাবুদ্দিন বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে।’
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ‘ইতঃপূর্বেও তাঁর বিরুদ্ধে বিতর্কিত ঘটনার অভিযোগ রয়েছে। বর্তমানে এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিজস্ব প্রতিবেদক 





















