ফের বিচ্ছেদের পথে হাঁটলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। আন্না কোনিদালার সঙ্গে ১৩ বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) রাতে ইনস্টাগ্রামে যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন তারা।
বিবৃতিতে বলা হয়, ‘একসঙ্গে জীবনের দারুণ কিছু সময় পার করার পর আমরা দুজন পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটলেও আমরা ভালো বন্ধু এবং আমাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকব। সন্তানদের সুখ ও সুস্থতাই সব সময় আমাদের দুজনের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।’
এই ব্যক্তিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন দুজন। পাশাপাশি এত দিন যারা তাদের পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এটি পবন কল্যাণের তৃতীয় বিয়ে ছিল। প্রথমবার ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেন পবন। ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন তিনি। এই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১২ সালে এ সংসারও ভেঙে যায়।
এক বছর পর রাশিয়ান বংশোদ্ভূত আন্নাকে বিয়ে করেন পবন। এই দম্পতিরও দুই সন্তান রয়েছে। ১৩ বছর পর এ সংসারেও ইতি টানার ঘোষণা দিলেন জনপ্রিয় এই অভিনেতা ও রাজনীতিবিদ।
উল্লেখ্য, অভিনেতা চিরঞ্জীবী ও নাগেন্দ্র বাবুর ছোট ভাই পবন কল্যাণ। ১৯৯৬ সালে ‘আক্কাদা আম্মায়ি ইক্কাদা আব্বায়ি’ সিনেমার মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে তার অভিষেক হয়। পরে ধীরে ধীরে তেলুগু সিনেমার বড় তারকা হয়ে ওঠেন তিনি।
পবনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে এ বছরের মার্চে ‘ওস্তাদ ভগত সিং’ সিনেমায়। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে।
সিনেমার পাশাপাশি ২০০৮ সালে বড় ভাই চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির যুব সংগঠন যুবরাজ্যমের সভাপতি হিসেবে রাজনীতিতে যাত্রা শুরু করেন পবন। ২০১১ সালে রাজনীতি থেকে সাময়িক অবসর নেন তিনি। পরে ২০১৪ সালের মার্চে নিজেই জনসেনা পার্টি প্রতিষ্ঠা করেন। একই বছর নির্বাচনে দলটির পক্ষে প্রচার চালান তিনি। তবে ২০১৯ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে তার দল সুবিধা করতে পারেনি। ২০২৪ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে তেলুগু দেশম পার্টি (টিডিপি) ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট করে সাফল্য পায় পবনের দল। সেই সুবাদে অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হন তিনি।
বিনোদন ডেস্ক 
























