জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরগুনার আমতলীতে উপজেলা মহিলা দলের উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৭ নভেম্বর) আমতলী উপজেলা মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার মিরা খানের নেতৃত্বে এই বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত মহিলা দল নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুনসহ বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে পৌর শহরে জড়ো হতে থাকেন। পরে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার মিরা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন বাস্তবায়ন করতে হলে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীকে জনগণের সুখ-দুঃখে পাশে থাকতে হবে। আমাদের সব সময় মনে রাখতে হবে, জনগণই হলো সকল ক্ষমতার উৎস। জনগণকে সঙ্গে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”
তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, “৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবসের মূল লক্ষ্যই ছিল বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতিকে আধিপত্যবাদ থেকে রক্ষা করা। সেই চেতনাকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সদা জাগ্রত থাকতে হবে।”
সমাবেশে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন মহিলা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তৃণমূল পর্যায়ে মহিলা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আমতলী (বরগুনা) প্রতিনিধি 

























