‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম উপস্থিত ছিলেন। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘বজ্রকণ্ঠে’ এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির, বিএনপির আহ্বায়ক মোল্লা এমদাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী ও স্থানীয় সুধীজন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য দেন টুঙ্গিপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ জাকারিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে সংগঠিত করে উৎপাদন বৃদ্ধি, পুঁজি গঠন এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব। সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, সমবায় শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সম্মিলিত উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। সরকারি পৃষ্ঠপোষকতা ও সমবায়ীদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে একটি স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সমবায় সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেন।
টুঙ্গিপাড়া উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
পঙ্কজ বিশ্বাস-গোপালগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার 

























