সিলেটের কস্তুরি রেস্টুরেন্টের সামনে থেকে হত্যাচেষ্টাসহ ৯ মামলার আসামি রাসেল মিয়া ওরফে পল্টি রাসেল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। রাসেল শাহপরাণ থানার ঠাকুরপাড়া গ্রামের মৃত আকমল মিয়ার ছেলে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি শুক্রবার (৬ নভেম্বর) রাতে বিষয়টি জানিয়েছে। তারা জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা থানার কস্তুরি রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে ওয়ারেন্টও জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, তাঁকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
আজিজ খান, স্টাফ রিপোর্টার 

























