ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপুটে বিচরণ মুস্তাফিজুর রহমানের। তবে এখনো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলা হয়নি তাঁর। এবার প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছেন ‘ফিজ’।
টি-টোয়েন্টি লিগটির আসন্ন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামবেন বাংলাদেশের এই পেসার।
৩১ বছর বয়সী মুস্তাফিজ এখন পর্যন্ত ৩৩১টি ম্যাচ খেলে শিকার করেছেন ৪২৩টি উইকেট। তবে এর আগে কখনো বিগ ব্যাশে খেলার সুযোগ হয়নি তাঁর। রেনেগেডসের নিয়মিত পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজিটি। দলের পেস আক্রমণে বৈচিত্র্য আনতেই বাঁহাতি এই পেসারকে দলে নিয়েছে তারা।
আইএলটি-২০-তে ব্যস্ততার কারণে পার্থ স্করচার্সের বিপক্ষে রেনেগেডসের টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না মুস্তাফিজ। তবে আগামী ১ জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিডনি সিক্সার্সের বিপক্ষে এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি।
ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিজের রোমাঞ্চের কথা জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে আমি ভীষণ উদ্গ্রীব। এমসিজির মতো আইকনিক ভেন্যুকে হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াটা দারুণ এক অনুভূতি হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে আমি প্রস্তুত।’
রেনেগেডসের নতুন কোচ লুক রঞ্চি জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো তারকাসমৃদ্ধ স্কোয়াডে মুস্তাফিজের মতো পরীক্ষিত পারফরমারকে যুক্ত করতে পেরে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘মুস্তাফিজ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে একজন প্রমাণিত ম্যাচ উইনার। পাওয়ারপ্লে ও ডেথ ওভারে সমানভাবে উইকেট নেওয়ার তাঁর সহজাত ক্ষমতা আমাদের বোলিং আক্রমণে যে ঘাটতি ছিল, তা পূরণ করবে।’
এদিকে, মুস্তাফিজের আগমন স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে বিশেষ আয়োজন ‘দ্য ফিজ বে’।
লাল-সবুজের সমর্থকদের এক ছাতার নিচে এনে গ্যালারি মাতানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে রেনেগেডস। পাশাপাশি টিকিটেও থাকছে বিশেষ ছাড়। ওই ম্যাচে ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনার ক্ষেত্রে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।
প্রসঙ্গত, মুস্তাফিজ ছাড়াও বিগ ব্যাশে খেলবেন আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন। এবারও হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন এই স্পিনার। দুই বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণের কারণে বিগ ব্যাশে লাল-সবুজের সমর্থকদের আলাদা নজর থাকবে।
ক্রীড়া ডেস্ক 























