কোপা ট্রফির ভোটের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতেই একটি বিশেষ নাম বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে—বায়ার লেভারকুসেনের মিডফিল্ডার ইব্রাহিম মাজা।
বিশ্বের ফুটবলপ্রেমীদের নজরে আসার আগেই আলজেরিয়ার এই ফুটবলারের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন লিওনেল মেসি। সাবেক ব্যালন ডি’অরজয়ী হিসেবে বর্ষসেরা তরুণ ফুটবলারের তালিকায় তাঁকে রেখেছিলেন মেসি এবং ভোটও দিয়েছিলেন।
কোপা ট্রফিতে ভোট দেন সাবেক ব্যালন ডি’অরজয়ীরা। তাঁদের অধিকাংশই ভোট দিয়েছেন লামিন ইয়ামাল ও পাউ কুবারসিকে। মেসির ভোট পেয়েছেন তাঁরাও। তবে আড়ালে থাকা মাজাকে ভোট দিয়েছেন কেবল আর্জেন্টাইন তারকা। ইয়ামাল ও কুবারসির পর তৃতীয় স্থানে তাঁকে রেখেছেন মেসি।
মেসির মতো কিংবদন্তি ফুটবলারের ভোট পাওয়ায় আলোচনায় এসেছেন মাজা। তাও আবার একমাত্র ভোট! কেমন লেগেছে তাঁর এই অনুভূতি? কিকারকে মাজা জানিয়েছেন, শুরুতে মেসির ভোট পাওয়ার গুঞ্জন শোনার পরও তিনি আসন্ন ম্যাচগুলোর দিকে মনোযোগ রাখার চেষ্টা করেছেন। তবে ভোটের ফল প্রকাশ্যে আসতেই তাঁর ফোনে বার্তার বন্যা বয়ে যায়।
জার্মান প্রকাশনাটিকে তিনি বলেন, মেসির মতো একজন খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া তাঁর জন্য বিরাট সম্মানের। বিষয়টি নিয়ে তাঁর মধ্যে ছিল আনন্দের উচ্ছ্বাস।
ভিএফবি স্টুটগার্টের কাছে ৪-২ গোলে হারের পর লেভারকুসেন তারকা বলেন, ‘আমি প্রথমে ম্যাচের দিকে মনোযোগ দিতে চেয়েছিলাম এবং বিষয়টি মন থেকে সরিয়ে রাখার চেষ্টা করছিলাম। তারপর অনেক বার্তা আসতে শুরু করে। খবরটি সত্যি নাকি মিথ্যা, তা জানার জন্য ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। মেসির কাছ থেকে এটা আশা করিনি।’
তিনি আরও বলেন, ‘আমি নিজেকে বিচলিত হতে না দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু বার্তা আমার কাছে আসতে শুরু করল। এই স্বীকৃতি পাওয়া এবং মেসির মতো একজন খেলোয়াড়ের দ্বারা নির্বাচিত হওয়া এক বিরাট সম্মান।’
বিশ্বকাপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার জার্সিতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। মাজা খেলেন ৮২ মিনিট পর্যন্ত, আর মেসি ৮০তম মিনিটে মাঠ ছাড়েন। ম্যাচটি ৩-০ গোলে হেরে যায় আলজেরিয়া। এরপর জর্ডানকে হারায় এবং অস্ট্রিয়ার সঙ্গে ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নেয় দলটি। তবে পরবর্তী রাউন্ডে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় তারা।
চার ম্যাচেই শুরুর একাদশে ছিলেন মাজা। তবে গোল কিংবা অ্যাসিস্ট—কোনোটিই করতে পারেননি। ক্লাব পর্যায়ে অবশ্য দারুণ ফর্মে রয়েছেন তিনি। নতুন কোচ কার্লেস মার্তিনেজের অধীনে নিয়মিত খেলছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে করেছেন তিন গোল ও তিনটি অ্যাসিস্ট। ২০২৫ সালের গ্রীষ্মে বুন্দেসলিগার ক্লাবটির সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি করেন তিনি।
ক্রীড়া ডেস্ক 
























