দখলদার ইসরায়েলকে আগামী বছর থেকে আর বার্ষিক সামরিক অর্থসহায়তা দেবে না যুক্তরাষ্ট্র—এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইসরায়েলকে প্রতিবছর চার বিলিয়ন ডলার করে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর চুক্তি হয়েছে, আগামী বছর থেকে এই অর্থসহায়তা আর দেওয়া হবে না।
মঙ্গলবার (৩ নভেম্বর) ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইসরায়েলকে অর্থসহায়তা দেওয়ার বিষয়ে নেতানিয়াহু ও আমার মধ্যে একটি চুক্তি হয়েছিল। সে অনুযায়ী, ইসরায়েলকে প্রতিবছর চার বিলিয়ন ডলার করে দেওয়ার কথা ছিল। কিন্তু কয়েক মাস আগে আমরা চুক্তি করেছি, এই অর্থসহায়তা বন্ধ করে দেওয়া হবে। আমরা সম্মত হয়েছি, এ বছরের শেষ নাগাদ সহায়তা বন্ধ হবে।”
কেন ইসরায়েলকে দেওয়া সহায়তা বন্ধ করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “কারণ তাদের এখন আর এটির প্রয়োজন নেই। যদি তাদের প্রয়োজন হতো, তাহলে আমি বলতাম, সহায়তা চলুক।”
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র সরবরাহের পাশাপাশি সামরিক খাতে আর্থিক সহায়তাও দিয়ে থাকে দেশটি।
ট্রাম্পের এমন মন্তব্যের পর এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এ বিষয়ে নেতানিয়াহুর দপ্তর থেকেও কিছু বলা হয়নি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন বছর ধরে ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে আসছে।
আন্তর্জাতিক ডেস্ক 

























