গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চতুর্মুখী সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে মোড় ঘোরার সময় প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটির সামনেই দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে সেটি গিয়ে পড়ে আরেকটি লোকাল বাসের ওপর। এ সময় পাশেই একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি থাকায় সেটির চালক দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব চতুর্মুখী সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
পঙ্কজ বিশ্বাস-গোপালগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার 





















