জাতীয় যুব দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন এগ্রো ওয়ানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং নওগাঁর আত্রাই উপজেলার কৃতী সন্তান কৃষিবিদ সামিউল ইসলাম। সফল আত্মকর্মী হিসেবে তিনি জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন।
গত ১ নভেম্বর ২০২৬ জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কৃষিবিদ সামিউল ইসলাম দেশের কৃষিব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পর্যায়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় দেশের কৃষকসমাজ আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ পরিচালনা করে ক্রমাগত সফলতা অর্জন করছেন। একই সঙ্গে দেশের যুবসমাজকে স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তিনি নিজের শ্রম ও মেধা দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে কৃষিবিদ সামিউল ইসলাম বলেন, ‘এই স্বীকৃতি কেবল আমার একার নয়, এটি দেশের সর্বস্তরের পরিশ্রমী কৃষক এবং তরুণ উদ্যোক্তাদের। আধুনিক ও প্রযুক্তিভিত্তিক কৃষির মাধ্যমে আমাদের যুবসমাজকে স্বাবলম্বী করাই এগ্রো ওয়ানের মূল লক্ষ্য। রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মাননা লাভ আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। আগামীতে দেশের কৃষি ও তরুণ সমাজকে আরও এগিয়ে নিতে আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখব।’
উল্লেখ্য, কৃষিবিদ সামিউল ইসলাম নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের সন্তান। তাঁর এই জাতীয় অর্জনে আত্রাইবাসী গর্বিত ও আনন্দিত।
আব্দুল মজিদ মল্লিক-আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 


















