ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে বিএনপি সরকার ও দলের নেতাকর্মীদের সমালোচনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাথী আক্তার নামে এক নারী উদ্যোক্তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
সাথী আক্তার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত সাথী বিউটি পার্লার -এর মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাথী মেকওভার নামে একটি ফেসবুক আইডি থেকে লাইভে এসে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
লাইভে সাথী আক্তার দাবি করেন, সম্প্রতি তার দুটি শোরুমসহ আশপাশের কয়েকটি দোকানের বিদ্যুতের তার ও এসির তার চুরি হয়েছে। এ ছাড়া বাসা থেকেও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এসব ঘটনায় ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। একপর্যায়ে ভোট দেওয়া নিয়ে আক্ষেপ করে বলেন, কাকে ভোট দিয়ে আজ এই ভুক্তভোগী হলাম, এ সময় তিনি বিএনপি সরকারের সমালোচনা করেন এবং চুরি-ছিনতাই নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তার এই লাইভ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানা গেছে। পরে রাতে কয়েকজন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মী তার পার্লারে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
এ সময় পার্লারে হামলা ও ভাঙচুরের আশঙ্কায় পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সাথী আক্তারকে নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, বিউটি পার্লারে হামলার আশঙ্কার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই নারীকে থানায় নিয়ে আসে। ফেসবুক লাইভে বক্তব্য ও সমালোচনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে থাকতে পারে।
ওসি আরও জানান, সাধারণ মানুষের মতপ্রকাশ ও সমালোচনার অধিকার রয়েছে। তবে উত্তেজনাকর পরিস্থিতি এড়াতে ওই নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 























