পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে উপজেলার প্রতিটি দুর্গাপূজামণ্ডপে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, ব্যারিস্টার তুষার কান্তি রায়সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় জেলা পরিষদের প্রশাসক এম. এ. মজিদ বলেন, “পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে এসেছি। আপনারা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আটোয়ারী উপজেলার প্রতিটি দুর্গাপূজামণ্ডপে ১০ হাজার টাকা করে উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা যেন আরও বৃহৎ পরিসরে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় তিনি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে উৎসব পালনের আহ্বান জানান।
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আনিসুর রহমান মানিক-পঞ্চগড় প্রতিনিধি 























