কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গরিব ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার তাড়াইল-সাচাইল ইউনিয়নের উদ্যোগে তাড়াইল-সাচাইল জামিয়া আছিয়া খাতুন মহিলা মাদরাসায় হাজী শাহ উদ্দিন (কালা মিয়া) মহাজনের সৌজন্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
গত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী, এ এলাকার কৃতী সন্তান, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ও ধানমণ্ডি ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. জেহাদ খান ও তাঁর নেতৃত্বে একটি মেডিকেল টিম ১৫০ জনের বেশি অসহায় ও দরিদ্র রোগীকে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করেন।
সেবা নিতে আসা কালনা গ্রামের বাসিন্দা হেলাল মিয়া (৫০) বলেন, ‘ডাক্তার সাব খুব ভালা কইরা দেখছেন। আমরা গরিব মানুষ, ঢাকা যাইয়া ডাক্তার দেখানোর সামর্থ্য নাই।’
প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, ‘তাড়াইল-করিমগঞ্জ আমার জন্মস্থান। এই মাটির প্রতি আমার দায়বদ্ধতা আছে। গ্রামের গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা পায় না। তাই সবসময় আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে। মানুষের ভালোবাসাই আমার বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’
ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, তাড়াইল-সাচাইল ইউনিয়ন সভাপতি আবু সাইদ মোহাম্মদ আবদুস সবুরসহ কর্মপরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি 



















