নওগাঁয় হানিট্র্যাপের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। অভিযানে ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক নেওয়া সাদা স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকার এক স্কুলশিক্ষকের পূর্বপরিচিত ছিলেন নওগাঁ শহরের বাসিন্দা মোছা. চামেলী আক্তার মিলি। প্রয়োজনের সময় মোবাইল ফোনে তাদের মধ্যে যোগাযোগ হতো। গত ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে মিলি ওই শিক্ষককে জরুরি কথা বলার কথা বলে নওগাঁ শহরে তার বাসায় আসতে বলেন।
জরুরি বিষয় মনে করে সরল বিশ্বাসে ওই শিক্ষক মিলির বাসায় গেলে সেখানে মিলিসহ অজ্ঞাত আরও ২-৩ জন তাকে আটক করে ভয়ভীতি ও মারধরের হুমকি দেন। একপর্যায়ে তার কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়া হয়। এছাড়া ৩০০ টাকার একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং দুই লাখ টাকার একটি চেক লিখে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে নওগাঁ সদর থানা পুলিশ। এরপর পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি পূর্বপাড়া এলাকার মোছা. চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাই উপজেলার বেড়াহাসন এলাকার মো. রাকিব হাসান (২৯), বদলগাছী উপজেলার নিহনপুর পূর্বপাড়া এলাকার মো. সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ফুটানিগঞ্জ এলাকার মো. নাঈম হোসেন (২৫)।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আন্তঃউপজেলা এই প্রতারক চক্রটি বিভিন্ন কৌশলে মানুষকে ফাঁদে ফেলত। কখনো প্রলোভন দেখিয়ে, কখনো ভয়ভীতি প্রদর্শন করে আবার কখনো ছবি তুলে তা দিয়ে ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করত।
নওগাঁ সদর থানার অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁ 






















