রাজধানীর বনানীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন ৬০ কাঠা জমিতে নির্মিত হোটেল শেরাটন ভবনের কারিগরি সক্ষমতা যাচাইয়ে নতুন করে কমিটি গঠন করা হয়েছে। ১৪ তলা ভবন নির্মাণের চুক্তি থাকলেও শেষ পর্যন্ত ভবনটি ২৮ তলা করা হয়। অতিরিক্ত তলা নির্মাণ, ভবন নির্মাণবিধি না মানা এবং অনুমোদনসংক্রান্ত নানা অভিযোগের পাশাপাশি ভবনটির ২১ থেকে ২৮ তলা অংশ নিয়ে হাইকোর্টে স্থিতাবস্থা রয়েছে।
এতসব আপত্তি ও আইনি জটিলতার মধ্যেই ভবনটির ফাউন্ডেশন, কাঠামো এবং ২৮ তলা পর্যন্ত নির্মাণের কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এই যাচাইয়ের মাধ্যমে ভবনটিতে বাণিজ্যিক কার্যক্রম চালুর বৈধতা দেওয়ার পথ তৈরি করা হতে পারে। তবে কমিটির কয়েকজন সদস্য এরই মধ্যে ‘নোট অব ডিসেন্ট’-এর মাধ্যমে আপত্তি জানিয়েছেন বলে জানা গেছে।
নগর পরিকল্পনাবিদদের অভিযোগ, ভবনটিতে সেটব্যাক, ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) এবং ইমারত নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এসব অনিয়মের পরও ভবনটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলে তা নগর পরিকল্পনা ও ভবন নির্মাণের ক্ষেত্রে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে বলে মনে করছেন তাঁরা।
আট সদস্যের কমিটি গঠন
গত বছরের ৩০ সেপ্টেম্বর ডিএনসিসির এক অফিস আদেশে আট সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। এতে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানকে আহ্বায়ক এবং ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী নাঈম রায়হান খানকে সদস্যসচিব করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী-২ মো. রফিকুল ইসলাম, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহম্মদ আল-আমিন সিদ্দিক, গণপূর্ত অধিদপ্তরের মহাখালী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাজিবুল ইসলাম, রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মো. মনিরুল হক এবং বোরাক রিয়েল এস্টেটের একজন প্রতিনিধি।
গত ৩১ আগস্ট কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্যদের পরিচয়, কাজের পরিধি এবং প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনার বিষয়ে আলোচনা হয়। তবে ওই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
কমিটির সদস্যরা জানিয়েছেন, পরবর্তী সময়ে ভবনটি সরেজমিনে পরিদর্শন করা হবে। এরপর ফাউন্ডেশন, স্ট্রাকচার এবং ২৮ তলা পর্যন্ত নির্মিত কাঠামোর সক্ষমতা যাচাই করা হবে। একই সঙ্গে ভবনটি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) অনুযায়ী নির্মিত হয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হবে।
বাণিজ্যিক কার্যক্রম চালুর পথ তৈরির অভিযোগ
কমিটির কয়েকজন সদস্যের আশঙ্কা, ভবনটির কারিগরি সক্ষমতা যাচাইয়ের নামে বাণিজ্যিক কার্যক্রম চালুর পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তাঁদের অভিযোগ, ভবনটির সক্ষমতা যাচাইয়ে ছাড় দেওয়ার জন্য শীর্ষ মহল থেকে চাপ রয়েছে।
তাঁদের মতে, কারিগরি পরীক্ষার মাধ্যমে আদালতের স্থিতাবস্থার আওতায় থাকা ২১ থেকে ২৮ তলা অংশসহ পুরো ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালুর বিষয়ে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হতে পারে।
তবে কমিটির সদস্যসচিব নাঈম রায়হান খান বলেন, কমিটি কোনো অংশকে বৈধ বা অবৈধ ঘোষণা করবে না। তারা ভবনটির কারিগরি নিরাপত্তা এবং অনুমোদিত কারিগরি নীতিমালা অনুযায়ী নির্মাণের বিষয়টি যাচাই করে সুপারিশ দেবে। চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চপর্যায়ে নেওয়া হবে।
তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ যাচাই হবে ভবনের ফাউন্ডেশন ও স্ট্রাকচারের বিষয়ে। পুরোনো ভবনের ওপর নতুন করে নির্মিত ১৩ তলা মার্কেট ও হোটেলের ২৮ তলা ভবনটির লোড বিদ্যমান ফাউন্ডেশন কতটা নিতে সক্ষম, সেটি খতিয়ে দেখা হবে।”
চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে নাঈম রায়হান খান বলেন, কমিটি কারিগরি প্রতিবেদন দেবে। এরপর বিষয়টি উচ্চপর্যায়ের সিদ্ধান্তের জন্য পাঠানো হবে।
ভবন নির্মাণে নানা অনিয়মের অভিযোগ
সরেজমিনে দেখা গেছে, বনানীর ৪৪ কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে নির্মিত হোটেল শেরাটনের ২৮ তলা ভবনটি সড়কের খুব কাছাকাছি অবস্থিত। ভবনের সামনের ফুটপাত নিজেদের প্রয়োজনে ব্যবহার করার অভিযোগ রয়েছে। এ ছাড়া ভবনসংলগ্ন ড্রেনের জায়গা ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে।
ভবন নির্মাণে জমির সীমানা থেকে নির্ধারিত দূরত্ব বা সেটব্যাক এবং ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) যথাযথভাবে মানা হয়নি বলে অভিযোগ রয়েছে।
ভবনের ভেতরে গিয়ে দেখা যায়, হোটেলটির সব কার্যক্রম এখনো পুরোপুরি চালু হয়নি। তবে রেস্টুরেন্ট, করপোরেট ও সামাজিক অনুষ্ঠানের জন্য ৭৪১ বর্গমিটারের গ্র্যান্ড বলরুম, বিভিন্ন মিটিং স্পেস, লবির ক্যাফে ও লাউঞ্জ, জিম, স্পা এবং ছাদে সুইমিং পুল চালু রয়েছে।
হোটেলটিতে প্রায় ২৪৮টি রুম ও স্যুট রয়েছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, আপাতত এসব কক্ষে কোনো বুকিং নেওয়া হচ্ছে না। তবে অভিযোগ রয়েছে, একই মালিকানাধীন গুলশানের ওয়েস্টিন হোটেলের অতিথিদের মাঝে মাঝে শেরাটন ভবনে এনে রাখা হয়।
১৪ তলার চুক্তি থেকে ২৮ তলা ভবন
২০০৭ সালের ২৫ জুন বনানীর ৪৪ নম্বর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ডিএনসিসির ৬০ কাঠা জমিতে ‘বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্স’ নির্মাণের জন্য অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের চুক্তি হয়।
প্রাথমিক চুক্তিতে ১৩ তলা ভবন নির্মাণের কথা বলা হলেও পরে সংশোধিত চুক্তিতে ভবনের উচ্চতা ১৪ তলা নির্ধারণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সেখানে ২৮ তলা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে ওই ভবনে পাঁচ তারকা হোটেল শেরাটন পরিচালিত হচ্ছে।
ভবনের অতিরিক্ত তলা নির্মাণ নিয়ে শুরু থেকেই সিটি করপোরেশনের আপত্তি ছিল। ২০১১ সালে সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও কাজ বন্ধ হয়নি।
এ ছাড়া ভবনের উচ্চতা নিয়েও প্রশ্ন ওঠে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওই প্লটে ২০১ ফুটের বেশি উচ্চতার ভবন নির্মাণের সুযোগ নেই। ২০২৩ সালে মন্ত্রণালয় ২০১ ফুটের অতিরিক্ত অংশ অপসারণে রাজউককে ব্যবস্থা নিতে চিঠি দেয়।
২১ থেকে ২৮ তলা নিয়ে আদালতের স্থিতাবস্থা
হোটেল শেরাটন ভবনের নির্মাণসংক্রান্ত অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট করা হয়। ২০২৩ সালের ৯ অক্টোবর আদালত ভবনের ২১ থেকে ২৮ তলা অংশে স্থিতাবস্থা জারি করেন।
একই বছর ২০ তলা পর্যন্ত অংশের মালিকানা ও শেয়ার বণ্টন নিয়ে ডিএনসিসি ও বোরাক রিয়েল এস্টেটের মধ্যে একটি সমঝোতা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ৯ এপ্রিল ডিএনসিসি শেরাটন হোটেল ভবনে তাদের অংশ বুঝে নেয়।
চুক্তি অনুযায়ী, ১৫ থেকে ২০ তলা পর্যন্ত অংশের ৪০ শতাংশ পাবে ডিএনসিসি এবং ৬০ শতাংশ পাবে বোরাক রিয়েল এস্টেট। অন্যদিকে মূল নকশা অনুযায়ী ১৪ তলা পর্যন্ত অংশে ডিএনসিসির অংশ ৩০ শতাংশ এবং বোরাকের অংশ ৭০ শতাংশ।
তবে ২০ তলার ওপরের অংশের ভবিষ্যৎ এখনো নির্ধারিত হয়নি। ফলে ভবনটির পুরো অংশে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা নিয়ে জটিলতা রয়ে গেছে।
জমির মালিকানা নিয়েও প্রশ্ন
রাজউকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গুলশান এলাকায় কাঁচাবাজার, পার্ক, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, স্কুল, শপিং সেন্টারসহ বিভিন্ন নাগরিক সুবিধার জন্য রাজউক থেকে সিটি করপোরেশনকে প্লটটি হস্তান্তর করা হয়েছিল।
বনানী ৪৪ নম্বরের ওই প্লটের মোট আয়তন ২ বিঘা ৪ কাঠা ১২ ছটাক ২৮ বর্গফুট। তবে রাজউক প্লটটি হস্তান্তর করলেও সিটি করপোরেশনের অনুকূলে রেজিস্ট্রি বা লিজ ডিড সম্পন্ন করেনি। কারণ, নিয়ম অনুযায়ী প্লটটির জন্য সিটি করপোরেশন রাজউকের কোষাগারে কোনো মূল্য পরিশোধ করেনি বলে জানিয়েছে সূত্রটি।
এরপর বোরাক রিয়েল এস্টেট ওই জমিতে বহুতল ভবন নির্মাণ শুরু করলে অবৈধ অংশ অপসারণের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বোরাককে একাধিকবার চিঠি দেয় রাজউক।
ভবন নির্মাণের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে রাজউকের অথরাইজড অফিসার (গুলশান) মো. হাসানুর রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
বোরাকের বক্তব্য
বোরাক রিয়েল এস্টেটের প্রধান নির্বাহী কর্মকর্তা গাজী মোহাম্মাদ সাখাওয়াত হোসেন বলেন, আদালতের মাধ্যমে ভবনটির ভাগ-বণ্টনের বিষয়টি নিষ্পত্তি হওয়ায় ডিএনসিসি হয়তো তাদের অংশ ব্যবহার করতে প্রক্রিয়া অনুযায়ী কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাঁরাও কমিটিতে অংশ নিয়েছেন।
ভবনের ২১ থেকে ২৮ তলা অংশ সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে হাইকোর্টে তাঁদের বক্তব্য উপস্থাপন করা হয়েছে। তবে এভিয়েশন কর্তৃপক্ষ কেন ছাড় দিচ্ছে না, তা তাঁদের বোধগম্য নয়।
ওয়েস্টিন হোটেলের অতিথিদের শেরাটন ভবনে রাখার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে অনেক অভিযোগ করেন। সব অভিযোগ আমলে নেওয়া যায় না। আমরাও চাই দ্রুত ভবনটিতে কার্যক্রম চালু হোক। এতে রাষ্ট্র রাজস্ব পাওয়ার মাধ্যমে লাভবান হবে।”
বৈধতা দেওয়ার চেষ্টা হলে খারাপ দৃষ্টান্ত হবে
নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব মনে করেন, ভবনটির অনিয়মের বিষয়গুলো আগে থেকেই আলোচনায় এসেছে। এর পরও নতুন করে কারিগরি সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে ভবনটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হলে তা হবে অন্যায়।
তিনি বলেন, “ভবনটি চারপাশের ফুটপাত দখল করেছে। হোটেলের পেছনের ১৩ তলা মার্কেটটি পুরোনো ভবনের কাঠামোর ওপর নির্মাণ করা হয়েছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থাপনাও যথাযথ মনে হয় না। এসব বিষয় আগেই আলোচনায় এসেছে। তারপরও নতুন করে কমিটি গঠন করে যদি ভবনটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, তা হবে ঘোর অন্যায়।”
ইকবাল হাবিবের মতে, সরকারের উচিত ভবনটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে স্পষ্ট বার্তা দেওয়া—নিয়ম না মেনে ভবন নির্মাণ করলে দীর্ঘ সময় পরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, কোনোভাবে ভবনটিকে বৈধতা দেওয়া হলে তা নিয়ম ভঙ্গকারীদের উৎসাহিত করবে এবং নগর উন্নয়নে একটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। নিরাপদ ও পরিকল্পিত নগর গড়ে তোলার ক্ষেত্রেও এটি বড় বাধা হয়ে দাঁড়াবে।
নিজস্ব প্রতিবেদক 

























