বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো আগামীকাল ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় ১০৮তম জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন বাস্তবায়ন নিয়ে এক আলোচনা সভায় পূর্বনির্ধারিত ৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই—মর্মে প্রস্তাব পাস হয়।
নির্বাচন আয়োজনের জন্য জাতীয় নির্বাচন কমিশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ উপলক্ষে ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়— জকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইস্যু করা স্টুডেন্ট আইডি কার্ড অথবা জকসু নির্বাচন কমিশনের ইস্যু করা আইডি কার্ড বা পাস প্রদর্শন সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান করা যাবে। এসব পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।
নির্বাচনের দিন নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে শুধু ভোটারদের প্রবেশের জন্য এরই মধ্যে ব্যবস্থা করেছি। নিরাপত্তার জন্য আমরা ডিএমপি কমিশনারের কাছে ফোর্স চেয়ে চিঠি দিয়েছি। নির্বাচন নিয়ে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ প্রসঙ্গে বলেন, আগামী ৬ জানুয়ারি আমরা জাতিকে একটি মডেল নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ প্রশাসনের সব স্তর থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস পেয়েছি।
নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি বলেন, আমরা ৬ জানুয়ারি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত আছি। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা আশাবাদী, নির্ধারিত দিনে জকসু নির্বাচন সম্পন্ন করতে পারব।
উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিন সকাল ৬টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ভোট স্থগিত করা হয়। ৩০ ডিসেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ কার্যক্রম শুরুর কথা থাকলেও এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধাস্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেদিনই নির্বাচন কমিশন নতুন দিন হিসেবে ৬ জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক 

























