রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বামনদিঘীর ইকোপার্ক নামক জায়গায় অভিযান চালিয়ে একজন মাদক সেবক ও ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ২৯শে জুলাই সন্ধ্যার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিকাল ৫.০০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয়।এসময় আনুমানিক বিকাল ৬.৩০ ঘটিকায় উক্ত উপজেলার ইকরচালীর বামনদিঘি ইকোপার্কে গাজা সেবন এবং বিক্রির অপরাধে মো: হেলাল (৩২), পিতা: মৃত আব্দুল গফুর,মেনানগর মাটিয়ালপাড়া প্রশাসনের হাতে আটক হন।
ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণকে জিজ্ঞাসা করে জানা যায় যে, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা রেখে সেবনের পাশাপাশি বিক্রি করে এলাকার যুব সমাজকে নষ্ট করছে।উক্ত এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে যাচ্ছে।ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় এবং আসামি নিজে দোষ স্বীকার করায়,ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধের মাত্রা বিবেচনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় অপরাধীকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রুবেল রানা।
উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্হানে আমরা অভিযান পরিচালনা করি।এরই ধারাবাহিকতায় সন্ধ্যার সময় অপরাধীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করি।অপরাধ স্বীকার করায় আসামি কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা জরিমানা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ধরনের অভিযান
নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
শফিউল মন্ডল, তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি : 























