বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের একদফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে আন্দোলনকারীরা উপাচার্যকে পদত্যাগের জন্য ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনিকভাবে শাটডাউন করার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার (৫ মে) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচির পর বেলা ১টার দিকে গ্রাউন্ড ফ্লোর থেকে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। ভিসি বাংলোর সামনে দিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় গ্রাউন্ড ফ্লোরে এসে মিছিলটি শেষ হয়।
বিক্ষোভে শিক্ষার্থীরা স্লোগান দেন— “যে ভিসিকে পায় না, সেই ভিসিকে চায় না”, “শুচিতার পদত্যাগ করতে হবে”, “যে উপাচার্য শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে, সেই উপাচার্যকে চায় না”, “যে ভিসি বিশ্ববিদ্যালয়ে থাকে না, সেই ভিসিকে চায় না”— ইত্যাদি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকাল রোববার সকাল ১১টায় কিছু সময়ের জন্য ক্যাম্পাসে এলেও পরে তিনি দ্রুতই ক্যাম্পাস ত্যাগ করেন।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক প্রতিবেদককে জানান, “এই উপাচার্যের আসলে বিশ্ববিদ্যালয় পরিচালনার মতো দক্ষতা নেই।”
আন্দোলনকারী শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, “এই উপাচার্য বিশ্ববিদ্যালয়কে একদমই ধারণ করেন না। গত আট মাসে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলেছেন। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করেন না। তিনি যেদিন শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছেন, সেদিনই তার পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। আমরা চাই তিনি দ্রুত পদত্যাগ করে সম্মানজনকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় নেবেন।”
শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, “আগামীকাল বেলা ১১টার মধ্যে উপাচার্য যদি পদত্যাগ না করেন, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনিকভাবে শাটডাউন করে দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ বিবেচনায় একাডেমিক ও জরুরি প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।” তিনি আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একতাবদ্ধ হয়ে এই আন্দোলন করছি। যারা উপাচার্যের পক্ষ অবলম্বন করবেন, তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।”
আরেক আন্দোলনকারী শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, “স্বৈরাচারী মনোভাবের এই উপাচার্যকে দ্রুত পদত্যাগ করতে হবে। তার সকল অনিয়মের বিরুদ্ধে আন্দোলন শুরু করলে তিনি আমাদের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দায়ের করেন। আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, জনদুর্ভোগ এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে। তবে আগামীকাল সকাল ১১টার মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বরিশাল মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, “এই ভিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হয়েছেন। আমরা ইউজিসিকে আহ্বান জানাচ্ছি— অবিলম্বে এই অযোগ্য ভিসিকে অপসারণ করে একজন সৎ ও যোগ্য ভিসিকে নিয়োগ দেওয়া হোক।”
উল্লেখ্য, তৃতীয়বারের মতো গত ১৯ দিন ধরে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন চলছে। এখনও পর্যন্ত একদিনের জন্যও আন্দোলনকারীদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি উপাচার্য। বরং আন্দোলন দমাতে তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও জিডি করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা গতকাল রোববার উপাচার্যের পদত্যাগের দাবিতে একদফা কর্মসূচি ঘোষণা করেন।
আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 





















