কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রপ্তানিযোগ্য আম উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, গত ৪ ও ৫ মে (রবিবার ও সোমবার) দুই দিন দুই ব্যাচে মোট ৬০জন আম উৎপাদনকারী কৃষককে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প এর অর্থায়নে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার উপপরিচালক কৃষিবিদ সুফি মো: রফিকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত কৃষি অফিসার মতিয়র রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার জসীম উদ্দিন প্রমূখ। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন জানান, বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে আম রপ্তানির ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের আম ফসলকে রপ্তানিমুখী করার জন্য আমাদের অধিদপ্তর কাজ চলমান রেখেছে৷ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় এই কৃষক প্রশিক্ষণে আমরা কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও প্রযুক্তি সম্প্রসারণ করার চেষ্টা করছি।
উপপরিচালক সুফি মো: রফিকুজ্জামান বলেন, আমাদের মূল উদ্দেশ্য হলো রপ্তানিযোগ্য বাণিজ্যিক আম উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি এবং নিরাপদ ফল উৎপাদন করা। এজন্য আমাদের সর্বাগ্রে কৃষি পর্যায়ে দক্ষতা বৃদ্ধি করতে হবে৷ কৃষিকে লাভজনক করতে পারলেই আমাদের কার্যক্রম সফল হবে।
সাইদুর রহমান মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 






















