চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. অহিদুন্নবী (৩৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোর ৪টায় উপজেলার কাটাছরা ইউনিয়নের তেতৈয়া গ্রামের কবির আহম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত অহিদুন্নবী কাটাছরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তেতৈয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
নিহতের প্রতিবেশী এম আরিফ উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে বাড়ির পুকুরে সেচ দিয়ে মাছ ধরতে যান অহিদুন্নবী। পুকুরে বিদ্যুতের লাইন থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এক ছেলে এক মেয়ে রয়েছে।
কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক বলেন, অহিদুন্নবী আমাদের দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। অত্যন্ত বিনয়ী, নম্র ও ভদ্র ভাইটি এভাবে চলে যাবে ভাবতেই কষ্ট হচ্ছে।
এ বিষয়ে জানতে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মোবাইল নম্বরে অনেক বার বল দিলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
নিজস্ব প্রতিনিধি 
























