অবশেষে প্রত্যাহারের চারদিনের মাথায় রাতের আঁধারে থানা ছাড়তে বাধ্য হলেন কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগের নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহার হওয়া ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।
শনিবার (২৮ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম। তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি জানান, বুধবার (২৫ নভেম্বর) ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেওয়া ও নিজের প্রস্তুতির কারণে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দাগনভূঞা থানার ওসি হিসেবে এখনো কাউকে পদায়ন করা হয়নি। আপাতত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসেবে থানার দায়িত্ব পালন করবেন।
এদিকে ওসি তদন্ত ফেরদৌসি বেগম জানান, তিনি শনিবার সকাল থেকে থানার দায়িত্ব বুঝে নেন। তাঁর দায়িত্ব পালনকালে কোনো ধরনের দালাল বা মামলা-বাণিজ্যে জড়িতরা থানায় জায়গা পাবেন না। সেবাপ্রার্থীরাও কোনোভাবে যেন হয়রানির শিকার না হন, সেদিকে সর্বোচ্চ নজর থাকবে বলে জানান ফেরদৌসি।
এর আগে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হলে তোলপাড় শুরু হয়। গত মঙ্গলবার গভীর রাতে ফোনালাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বুধবার বিকেলে ওসি নোমানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এরপরও নানা অজুহাতে শুক্রবার রাত পর্যন্ত থানা ছাড়েননি তিনি।
ওসির নানা বিতর্কিত কর্মকাণ্ড ও সাম্প্রতিক নারীকাণ্ড নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। শুক্রবার ‘প্রত্যাহারের তিনদিনে থানা ছাড়ছেন না ওসি নোমান, ক্ষোভে ফুঁসছে দাগনভূঞা’ শীর্ষক সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। মধ্যরাতে সংবাদটি প্রকাশের পর জেলা পুলিশ ফের নড়েচড়ে বসে। ভোরের আলো ফোটার আগে ওসি নোমানকে দাগনভূঞা থানা থেকে ডেকে আনা হয় জেলা পুলিশ লাইন্সে।
এর মধ্য দিয়ে চার থানায় দায়িত্ব পালনকালে বিতর্কের মুখে সব থানা থেকেই প্রত্যাহার হন নোমান। যদিও নোমানের ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। এর আগেও দায়িত্ব পালনকালে সব থানাতেই এমন ঘটনার শিকার হয়েছেন আলোচিত-সমালোচিত এ ওসি।
নিজস্ব প্রতিবেদক 






















