বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর নিসর্গ হোসেন তূর্যের অকাল মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। একই সঙ্গে সন্তানের মৃত্যুর পর কারাবন্দি মায়ের প্যারোলে মুক্তি না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, এই করুণ দৃশ্য আমাদের মানবিকতাকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে। শনিবার (২৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই শোক ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিবৃতিতে জি এম কাদের বলেন, গত ৪ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তূর্যের মা শারমিন সুলতানা শর্মিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই মায়ের সার্বক্ষণিক দেখাশোনা ছাড়া এই অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছিল। সে সময় শর্মি তাঁর অপর একটি মা-নির্ভর কন্যাসন্তানের বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান উল্লেখ করেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে শর্মির জামিনের আবেদনটি মঞ্জুর করা যায় কি না, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শর্মির জামিন হয়নি।
আক্ষেপ প্রকাশ করে জি এম কাদের বলেন, “মায়ের সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য বলে প্রমাণিত হলো। মায়ের সান্নিধ্য এবং প্রয়োজনীয় যত্ন হারিয়ে নিষ্পাপ তূর্যকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হলো।”
সন্তানের শেষ বিদায়ে মায়ের উপস্থিতির সুযোগ না পাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, “সন্তানের এমন চিরবিদায়ের মুহূর্তেও কারাবন্দি মায়ের প্যারোলে মুক্তি না পাওয়া এবং শেষ পর্যন্ত কারাগারের ফটকে দাঁড়িয়ে মাত্র কয়েক মুহূর্তের জন্য সন্তানের নিথর মুখ দেখার এই করুণ দৃশ্য আমাদের মানবিকতাকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করে।”
আইনের শাসন ও বিচারিক প্রক্রিয়া নিজস্ব নিয়মে চলবে উল্লেখ করে জি এম কাদের প্রশ্ন রাখেন, “এমন শোকাবহ ও সংবেদনশীল বাস্তবতায় মানবিকতা ও সহমর্মিতার জায়গাটি আরও উদার ও সংবেদনশীল হওয়া কি এতটাই অসম্ভব ছিল?”
বিবৃতির শেষে তিনি মরহুম নিসর্গ হোসেন তূর্যের রুহের মাগফিরাত কামনা করেন এবং কারাবন্দি মা শারমিন সুলতানা শর্মিসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি 
























