গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী টিকটিক মকবুল হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন।
এ ছাড়া বিএনপির কয়েকজন নেতাকর্মী আগে থেকেই আবুল হাসানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন আবুল হাসান। পরবর্তী সময়ে তাঁকে এসআরবিতে বদলি করা হয়।
নিজস্ব প্রতিবেদক 























