চাহিদার অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশ এবং বাংলাদেশসহ আরও ১৫টি আলাদা দেশের বিরুদ্ধে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। আর এই তদন্ত শেষে আজ বুধবার (২৫ ডিসেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিতে পারেন।
মার্কিনিদের দাবি, অতিরিক্ত পণ্য উৎপাদন করে বাজারে পণ্য সয়লাব করে দেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রের নিজস্ব পণ্য ও উৎপাদনের জন্য হুমকি।
২০২৫ সালের এপ্রিলে ট্রাম্প বাংলাদেশসহ অন্যান্য দেশের রপ্তানি পণ্যের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। এরপর এসব দেশ তার সরকারের সঙ্গে আলোচনা করে শুল্ক কমায়। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এ শুল্ক বাতিল ঘোষণা করে। এরপরই শুল্ক পুনরায় চালু করতে ‘সেকশন ৩০১’- নামে একটি ধারার প্রেক্ষিতে শুল্ক আরোপ করা দেশগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন মার্কিন কর্মকর্তারা। তারা বলেছেন, যেসব দেশ অতিরিক্ত পণ্য উৎপাদন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাসংস্থা রয়টার্স বলেছে, আজকে ট্রাম্পের এ ঘোষণার কারণে বিশ্বব্যাপী আবারও বাণিজ্যিক যুদ্ধ শুরু হবে। যার প্রভাব পড়বে সব জায়গায়।
ট্রাম্প প্রথমবার যখন শুল্ক আরোপ করেন তখন জানান বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে রেখেছে। যার প্রেক্ষিতে তিনি পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ করেছেন।
রয়টার্সকে একটি সূত্র বলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক নিয়ে যেসব দেশ চুক্তি করেছিল, সেগুলোর ভিত্তিতেই নতুন শুল্ক দেওয়া হবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলতি বছরের মে মাসে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি’ নামে ওই চুক্তি করেছিল। এরপর বাংলাদেশি পণ্যে শুল্কের পরিমাণ ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছিল। যা আগেরবার ২০ শতাংশ ছিল।
চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।
সূত্র: রয়টার্স, বিবিসি
আন্তর্জাতিক ডেস্ক 
























