হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার আমকান্দি স্লুইসগেটসংলগ্ন খোয়াই নদীর তীরবর্তী এলাকায় অনুমতি ছাড়া মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মনজুর রহমান রাতুল (পিতা: লুৎফর রহমান)। তিনি উপজেলার বনগাঁও এলাকার আমু রোডের বাসিন্দা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার বিকেলে আমকান্দি স্লুইসগেটসংলগ্ন খোয়াই নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে অনুমতি ছাড়া মাটি কাটার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারা অনুযায়ী মনজুর রহমান রাতুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি না কাটতে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জনস্বার্থ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মোঃ মাসুদ আলম-চুনারুঘাট (হবিগঞ্জ) 




















