বান্দরবানের লামা উপজেলায় ভারী স্কেভেটরবাহী একটি ট্রাকের চাপে বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া—এই দুই ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে গজালিয়া সড়কের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গজালিয়া ইউনিয়নের ছয়মাইল এলাকার বেইলি সেতুটি পার হওয়ার সময় ভারী স্কেভেটরবাহী ট্রাকটি সেতুসহ নিচের খাদে পড়ে যায়। সেতুটি ভেঙে পড়লেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে আকস্মিকভাবে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুই ইউনিয়নের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে বিঘ্ন ঘটছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা জানান, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামত করা হবে। আপাতত যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে সড়কটি পুনরায় চালু করার চেষ্টা চলছে বলেও আশ্বাস দেন তিনি।
শফিকুল ইসলাম-লামা, বান্দরবান প্রতিনিধি 





















