বিয়ে মানেই আনন্দ, উৎসব আর নতুন জীবনের সূচনা। সেই আনন্দকে একটু ভিন্ন মাত্রা দিতে ব্যতিক্রমী আয়োজন করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকির বাড়ির ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির।
বুধবার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে নববধূকে নিজ এলাকায় নিয়ে এসে বিয়ের আয়োজনে যোগ করেছেন ভিন্নমাত্রা।
শাহিন ফকির টবগী ইউনিয়নের ফকির বাড়ির মো. সিরাজের ছেলে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন। দীর্ঘ প্রবাসজীবনের ব্যস্ততার পর জীবনের নতুন অধ্যায় শুরু করতে দেশে এসে বিয়ের আয়োজন করেন তিনি। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে হেলিকপ্টারে নববধূকে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্ত নেন।
তার এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে ফকিরকান্দী এলাকায় সৃষ্টি হয় বাড়তি কৌতূহল ও উৎসবমুখর পরিবেশ। হেলিকপ্টারে নববধূর আগমনের দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যেও দেখা যায় আগ্রহ ও উচ্ছ্বাস। অনেকের কাছে এটি ছিল বিয়ের অনুষ্ঠানে এক নতুন অভিজ্ঞতা।
নিজের ব্যতিক্রমী আয়োজন প্রসঙ্গে শাহিন ফকির বলেন, “বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।”
বিয়ে জীবনের এক স্মরণীয় অধ্যায়। সেই অধ্যায়কে স্মৃতিময় করে রাখতে শাহিন ফকিরের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রচলিত আয়োজনের বাইরে এমন ভিন্নধর্মী আয়োজন যেন নতুন দম্পতির জীবনের প্রথম স্মৃতির পাতায় যোগ করল বিশেষ এক গল্প।
নতুন জীবনের পথচলায় শাহিন ফকির ও তাঁর নববধূর জন্য রইল শুভকামনা। তাঁদের দাম্পত্য জীবন সুখ, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ হোক।
রিয়াজ ফরাজী (ভোলা) বোরহানউদ্দিন 



















