ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ারও কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন। এ ধরনের ঘোষণা ও সময় আসবে, যাবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে মো. হাফিজুর রহমান বলেন, কিছুদিন আগে শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। এই আন্দোলন এ পর্যন্ত যৌক্তিক। কিন্তু এই আন্দোলনের পেছনে থেকে বা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নাশকতাকারী বিভিন্ন জায়গায় নাশকতা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্যও আসছে। এদের মধ্যে যারা ককটেল বিস্ফোরণ করছে, গাড়িতে অগ্নিসংযোগ করছে বা নাশকতা চালাচ্ছে, তাদের বেশ বড়সংখ্যক সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। কারণ, অনেক নাশকতাকারীকে সাহসী জনগণ নিজেরাই পুলিশের হাতে তুলে দিয়েছেন। এই কাজ অব্যাহত রাখুন। আপনাদের কাছে কোনো ধরনের তথ্য থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। এ ধরনের নাশকতা ইনশাআল্লাহ নিয়ন্ত্রণে চলে আসবে। ভয় পাওয়ার কিছু নেই।’
জ্যেষ্ঠ প্রতিবেদক 





















