সম্প্রতি এমন তথ্য সামনে এসেছে যে, রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিজের ভাগ্নে মো. নুরুল আজীমকে নিয়োগ দেওয়ার তৎপরতা চালাচ্ছেন ব্যাংকটির চেয়ারম্যান নজরুল হুদা। বর্তমানে সীমান্ত ব্যাংকের এমডি হিসেবে কর্মরত নুরুল আজীমকে এই শীর্ষ পদে বসাতে অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন স্তরে প্রভাব খাটানোর চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। এর পাশাপাশি, এমডি পদের অন্যান্য অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের সুযোগ সংকুচিত করার চেষ্টার অভিযোগও উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে।
নিয়োগ প্রক্রিয়া ও স্বার্থের সংঘাত নিয়ে উদ্বেগ: রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ পদে নিয়োগে পেশাগত দক্ষতার বদলে আত্মীয়তা বা প্রভাব কাজ করছে কি না, তা নিয়ে ব্যাংকিং খাতে আলোচনা চলছে। রূপালী ব্যাংকের এমডি হওয়ার মতো দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একাধিক কর্মকর্তা খাতে থাকলেও চেয়াম্যানের ভাগ্নেকে নিয়োগের চেষ্টা ও অন্যদের সুযোগ কমানোর অভিযোগ সত্য প্রমাণিত হলে নিয়োগের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বড় প্রশ্নের মুখে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একই ব্যাংকের চেয়ারম্যান ও এমডি পদে ঘনিষ্ঠ আত্মীয় থাকলে স্বার্থের সংঘাতের ঝুঁকি তৈরি হয়। সংশ্লিষ্টদের মতে, এর ফলে পর্ষদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, প্রশাসনিক নিয়ন্ত্রণ ও জবাবদিহির কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যানের প্রধান কর্তব্য প্রতিষ্ঠানের স্বার্থ দেখা; পারিবারিক বা ব্যক্তিগত স্বার্থে নিয়োগে প্রভাব ফেলার অবকাশ থাকা উচিত নয়। তাই কোনো প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না, তা স্বাধীন ও নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি উঠেছে।
প্রশাসনিক যোগাযোগ ও পূর্বাপর প্রেক্ষাপট: সংশ্লিষ্ট সূত্রের দাবি, অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতার সুবাদে রূপালী ব্যাংকের চেয়ারম্যান পদ পান নজরুল হুদা। ওই সময় তাঁর ছেলে ড. আসিফ ইকবাল অর্থ উপদেষ্টার একান্ত সচিবের দায়িত্ব পালন করেন এবং সরকার বদলের পর নতুন অর্থমন্ত্রীর দপ্তরেও তিনি একই ধরনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বলে জানা গেছে।
এই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রশাসনিক কার্যক্রম ও সিদ্ধান্তের আগাম তথ্য জানার কোনো সুযোগ তৈরি হয়েছে কি না, সে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, এই যোগাযোগের সূত্র ধরে এমডি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পছন্দের ব্যক্তিকে বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করছেন নজরুল হুদা।
অতীত কর্মকাণ্ড ও বিতর্ক: নজরুল হুদা ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি কেন্দ্রীয় ব্যাংকের এই পদে দায়িত্ব পালন করেন এবং অবসরের পর একাধিকবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে পুনর্নিযুক্ত হন। সমালোচকদের ভাষ্য, তৎকালীন ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই অবসরের পরও গুরুত্বপূর্ণ পদে থাকার সুযোগ পান তিনি।
মালদ্বীপে একটি আন্তর্জাতিক সংস্থার উচ্চপদে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের তহবিল নরওয়েতে পাচারের অভিযোগ তদন্তে গঠিত কমিটির সদস্য ছিলেন তিনি, যদিও তদন্ত শেষে ওই অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ মেলেনি। তবে আর্থিক খাতের বিভিন্ন সিদ্ধান্তে তাঁর ভূমিকা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে; বিশেষ করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুতে তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, যে শেয়ার কেনার প্রক্রিয়ায় কয়েকটি ব্যাংক আর্থিক চাপে পড়েছিল বলে অভিযোগ।
চেয়ারম্যানের বক্তব্য ও মন্ত্রণালয়ের নীরবতা: অভিযোগ প্রসঙ্গে রূপালী ব্যাংকের চেয়ারম্যান নজরুল হুদা জানান, নুরুল আজীমকে রূপালী ব্যাংকের এমডি হিসেবে বিবেচনা না করতে তিনি আগেই আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘আমি তাঁদের স্পষ্টভাবে জানিয়েছি, তিনি আমার আত্মীয়। নিশ্চিন্ত থাকুন, তাঁর নাম তালিকায় নেই।’ তিনি পুরো বিষয়টিকে গুজব বলে নাকচ করেন।
নজরুল হুদা প্রশ্ন তোলেন, নুরুল আজীম কেন রূপালী ব্যাংকের এমডি হতে যাবেন, যখন তিনি একটি ব্যাংকের এমডি হিসেবে কর্মরত এবং তাঁর চাকরির মেয়াদ আরও ১০ বছর বাকি। তাঁর মতে, সরকারি ব্যাংকে এমডি নিয়োগ দেওয়া হয় মাত্র তিন বছরের জন্য; তাই গুজব ছড়ানোর আগে এর যৌক্তিকতা বিবেচনা করা উচিত।
অন্যদিকে, চেয়ারম্যানের আত্মীয়কে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, যোগ্য ব্যাংকারদের সমান সুযোগ নিশ্চিত করা হচ্ছে কি না এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া হবে—এসব বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের স্পষ্ট অবস্থান জানতে চান সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি সাড়া দেননি এবং এসএমএস পাঠালেও কোনো উত্তর মেলেনি।
নিজস্ব প্রতিবেদক 






















