চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হতদরিদ্র পরিবারগুলোর স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে সরকার প্রতিটি শৌচাগারের বিপরীতে বরাদ্দ দিয়েছিল ৩৫ হাজার টাকা। কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্পে ব্যাপক অনিয়ম, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগের তীর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. ফরহাদ উদ্দিন ও ঠিকাদার আব্দুল্লাহ আল ফাহিমের দিকে।
স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের দাবি, কাগজে-কলমে শতভাগ কাজ দেখিয়ে বিল তুলে নেওয়া হলেও প্রকৃত সুবিধাভোগীদের বড় একটি অংশ শৌচাগার পাননি। আবার কাউকে নামমাত্র সরঞ্জাম দিয়ে ফেলে রাখা হয়েছে। এমনকি মুঠোফোনে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কোড নিয়েও শৌচাগার না দেওয়ার মতো গুরুতর জালিয়াতির ঘটনা ঘটেছে।
প্রকল্পের আড়ালে নয়ছয়
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প’-এর আওতায় চন্দনাইশের প্রতিটি ইউনিয়নে ২৫০টি করে শৌচাগার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে উপজেলার ৮ নম্বর হাশিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বরাদ্দ ছিল ২০টি।
গত ২ নভেম্বর ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ মো. গোলাম নবী চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ওয়ার্ডের বরাদ্দকৃত ২০টি শৌচাগারের মধ্যে মাত্র ১১টি বিতরণ করা হয়েছে, তা-ও অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে।
বাকি ৯টি শৌচাগারের রিং-স্ল্যাব ও অন্যান্য সরঞ্জাম প্রকৃত দরিদ্রদের না দিয়ে বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। ইউনিয়নের অন্যান্য ওয়ার্ডেও একই চিত্র বলে দাবি অভিযোগকারীদের।
ওটিপি নিয়েও শৌচাগার নেই, স্থাপনে চাওয়া হয় বাড়তি টাকা
অভিযোগপত্রের সঙ্গে নূরুল আলম, মোহাম্মদ ইসলাম মিয়া, মোহাম্মদ আমীর হোসেন, ইউসুফ মিয়া, আব্দুল গফুর, জুনু মিয়া, আবদুছ ছবুর, মো. আবুল হোসেন, মোছনা খাতুন, আবুল কালাম, সাজিয়া বেগম, মীর কাশেম, মো. বোরহান উদ্দিন, ছকিনা বেগম, কৃষ্ণ ধর, কাজী মোহাম্মদ সাইফুল, ভুট্টা দে, মো. জসীম উদ্দিন, জোসনা দে ও ছায়েরা বেগম—এই ২০ জন বঞ্চিত ব্যক্তির নাম ও স্বাক্ষরযুক্ত তালিকা সংযুক্ত করা হয়েছে।
সরেজমিনে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে ভয়াবহ চিত্র। এর মধ্যে অন্যতম ওটিপি জালিয়াতি।
উত্তর হাশিমপুরের কাজী মোহাম্মদ সাইফুল জানান, সরকারি নিয়ম অনুযায়ী শৌচাগার বুঝিয়ে দেওয়ার প্রমাণ হিসেবে তাঁর মুঠোফোন থেকে ওটিপি কোড নেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তাঁকে কোনো শৌচাগার দেওয়া হয়নি। যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ফোন ধরেন না।
অন্য অভিযোগগুলোর মধ্যে রয়েছে অর্ধসমাপ্ত কাজ ও ঘুষ দাবি।
অভিযোগ সূত্রে জানা গেছে, খুনিয়া পাড়ার নুরুল আলমকে ১০টি রিং, ৫টি টিন ও ৪টি পিলার দেওয়া হলেও শৌচাগারটি স্থাপন করে দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, স্থাপনের জন্য তাঁর কাছে ৬০০ টাকা দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় কাজ ফেলে চলে যান ঠিকাদারের লোকজন। বর্তমানে টিনগুলো ঘরের কাজে লাগিয়েছেন এবং পিলারগুলো পুকুরপাড়ে পড়ে আছে।
একই এলাকার জুনু মিয়ার বাড়িতেও চারটি পিলার পুঁতে বাইরে ১০টি রিং ফেলে রাখা হয়েছে। এ ছাড়া খুনিয়া পাড়ার আবদুর ছফুর অভিযোগ করে জানান, সরঞ্জাম দেওয়ার কথা বলে তাঁকে চার-পাঁচ দিন বসিয়ে রাখা হয়। দিনমজুরি করতে না পারায় তাঁকে ঋণ করে খাবার জোগাড় করতে হয়েছে।
কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ করে বিল তুলে নেওয়ার পর আর কেউ যোগাযোগ করেনি। একইভাবে শৌচাগার না পাওয়ার কথা জানিয়েছেন সাজিয়া বেগম, মীর কাশেম, ভুট্টা দে ও জোসনা দে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঠিকাদার আব্দুল্লাহ আল ফাহিম অনিয়মের কথা অস্বীকার করে উল্টো রাজনৈতিক চাপের অজুহাত দাঁড় করান।
তিনি দাবি করেন, এটি ২০২৩-২৪ অর্থবছরের কাজ। সব কর্তন শেষে তিনি প্রতিটি শৌচাগারের বিপরীতে ২৫ হাজার টাকা করে পেয়েছেন এবং ঢাকা থেকে আসা অডিট দল সরেজমিনে পরিদর্শন করেই সার্ভারে তথ্য আপলোড করেছে।
আব্দুল্লাহ আল ফাহিম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে টেন্ডার হলেও অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাসীন দলের ও এলডিপির লোকজন আমার কাছ থেকে ২০-৩০টি ল্যাট্রিন নিয়ে নিজেরাই বণ্টন করেছেন, যার বিল আমি পাইনি।
নিজেকে হাশিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পরিচয় দিয়ে তিনি দাবি করেন, আগামী নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা থাকায় প্রতিপক্ষরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্যদিকে, প্রকল্পের তদারকির দায়িত্বে থাকা চন্দনাইশ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ফরহাদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান।
তিনি বলেন, অফিসের কাজে বাঁশখালীতে ব্যস্ত আছি। এ বিষয়ে সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলুন। এ বিষয়ে চন্দনাইশ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবীর বড়ুয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষকে কার্যালয়ে ডাকা হয়েছিল, কিন্তু কেউ সময় দেননি।
তবে ঠিকাদার বাকি কাজগুলো করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। কাজটি দুই বছর আগের হওয়ায় সরেজমিনে যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বক্তব্য জানতে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থের এমন নয়ছয়ের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগী ও স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত নিরপেক্ষ সরেজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকা যাচাই করে দায়ী প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
নিজস্ব প্রতিবেদক 























