কুমিল্লার সুয়াগাজী চেক স্টেশনের এক বন কর্মকর্তা ও দুই গার্ডের বিরুদ্ধে বৈধ কাঠবাহী ট্রাক আটকে চার লাখ টাকা ঘুষ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। গত রোববার (গতকাল) চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার কাঠ ব্যবসায়ী মো. সিরাজ দৌলা জোরারগঞ্জ থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন—সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং দুই বনরক্ষী আবুল কালাম বাবুল ও শাহ আলম।
জিডিতে কাঠ ব্যবসায়ী সিরাজ দৌলা অভিযোগ করেন, গত ৫ অক্টোবর সকালে চট্টগ্রাম থেকে এক ট্রাক কাঠ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সকাল সাড়ে আটটার দিকে সুয়াগাজী চেক স্টেশনের কাছে পৌঁছানোর পর তাঁর ট্রাকটি থামানো হয় এবং তল্লাশির নামে নানা ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের সঙ্গে চার লাখ টাকায় দফারফা হয় বলে জানান তিনি। ব্যবসায়ীর আরও দাবি, সাউথইস্ট ব্যাংকের বারইয়ারহাট শাখা থেকে আরটিজিএসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখায় আমেনা ফেরদৌস নামের এক নারীর ব্যাংক হিসাবে চার লাখ টাকা জমা দেওয়ার পরই কেবল তাঁর আটকে রাখা ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। এমনকি আমেনা বেগমকে ব্যক্তিগতভাবে না চেনার পরও তাঁর নামে থাকা তিনটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেছেন ওই ব্যবসায়ী।
এদিকে কথিত ঘুষের ওই চার লাখ টাকা সরকারি কোনো কোষাগারে জমা না হয়ে একটি ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হওয়ায় পুরো ঘটনাটি নতুন মোড় নিয়েছে। গণমাধ্যমের হাতে আসা ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখার হিসাববিবরণী থেকে জানা যায়, ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মাত্র ১০ দিনের ব্যবধানে আমেনা ফেরদৌসের ওই ব্যাংক হিসাবে মোট ২৬ লাখ ৩০ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এর মধ্যে গত ৫ অক্টোবর আরটিজিএসের মাধ্যমে আসা চার লাখ টাকা ছাড়াও একই সময়ে আরও ১৫ লাখ টাকা জমা হওয়ার তথ্য রয়েছে। এসব বিপুল পরিমাণ অর্থের উৎস, উদ্দেশ্য এবং সুয়াগাজী চেক স্টেশনের চাঁদাবাজির সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে জোর প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মুঠোফোনে আমেনা বেগম নিজেকে গৃহিণী দাবি করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখার ব্যবস্থাপক রাকিব উদ্দিনও কোনো মন্তব্য করতে রাজি হননি।
শুধু সিরাজ দৌলাই নন, সুয়াগাজী চেক স্টেশন ঘিরে স্থানীয় কাঠ ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষ রয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়মিত ও বৈধ কাগজপত্র থাকার পরও মহাসড়কে কাঠবাহী ট্রাক আটকে বিভিন্ন অজুহাত দেখানো হয়। এরপর মামলা ও মালামাল জব্দের ভয় দেখিয়ে দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। দীর্ঘ আইনি জটিলতা এড়াতে ব্যবসায়ীরা বাধ্য হয়ে এই অর্থ দেন। সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা নাজমুল হাসান এবং গার্ড আবুল কালাম বাবুল ও শাহ আলম কাঠবাহী গাড়ি আটকানোর জন্য ব্যক্তিগত গাড়িও ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বন কর্মকর্তা মো. নাজমুল হাসান দাবি করেছেন যে তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং এ সময় তিনি তাঁর স্ত্রী অসুস্থতার কথা জানান। সুয়াগাজী চেক স্টেশনে কাঠবাহী ট্রাক আটকে অর্থ আদায়, ব্যক্তিগত হিসাবে বিপুল অঙ্কের লেনদেন এবং ব্যবসায়ীদের হয়রানির এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
নিজস্ব প্রতিবেদক 























