রিদপুরের ভাঙ্গা থানা আওয়ামী লীগের নেতা মো. শহিদুল ইসলাম (৪৩) ওরফে ‘বাটপার শহিদুল’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে সোপর্দ করার জন্য আবেদন করেছে পুলিশ।
আদালতে দাখিল করা পুলিশের প্রতিবেদন সূত্রে জানা যায়, গ্রেপ্তার শহিদুল ইসলাম ভাঙ্গা উপজেলার খারদিয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম হাজী আব্দুল মজিদ মোল্লা। ভাঙ্গা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রোমান মোল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমলি আদালত-২, ফরিদপুরে তাঁকে আদালতে সোপর্দ করার আবেদন করেন।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সংসদীয় নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের পর ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সীমানা পরিবর্তনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ৫ সেপ্টেম্বর থেকে স্থানীয় জনগণ বিভিন্ন মহাসড়ক অবরোধ করেন। পরবর্তী সময়ে আন্দোলনকারীরা ভাঙ্গা থানায় অবস্থান নিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালান বলে অভিযোগ করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, উপজেলা নির্বাচন অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসব ঘটনায় শহিদুল ইসলামের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের আবেদনে উল্লেখ করা তথ্য অনুযায়ী, ভাঙ্গা থানার এফআইআর নং-১৩, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬, জি আর নং-২৮৫ নম্বর মামলাটি করা হয়েছে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৪৪৮, ১৮৬, ৩৭৯, ৩৮০, ৩৫৩, ৪২৭, ৩৪ ও ৪৩৬ ধারায়। এর সঙ্গে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারাও যুক্ত রয়েছে।
দণ্ডবিধির ১৪৩ ধারায় বেআইনি সমাবেশ, ৪৪৭ ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশ, ৪৪৮ ধারায় গৃহে অনধিকার প্রবেশ, ১৮৬ ধারায় সরকারি কর্মচারীর কাজে বাধা, ৩৭৯ ও ৩৮০ ধারায় চুরি, ৩৫৩ ধারায় সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দিতে আক্রমণ বা বলপ্রয়োগ, ৪২৭ ধারায় ক্ষতিসাধন, ৩৪ ধারায় অভিন্ন অভিপ্রায়ে অপরাধ সংঘটন এবং ৪৩৬ ধারায় আগুন বা বিস্ফোরকের মাধ্যমে নির্দিষ্ট স্থাপনা ধ্বংসের অভিযোগের বিধান রয়েছে। অন্যদিকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় নাশকতামূলক কর্মকাণ্ডের শাস্তির বিধান রয়েছে।
পুলিশের আবেদনে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, তার বিরুদ্ধে কক্সবাজার সাইবার সুরক্ষা আইন ও ময়মনসিংহে প্রতারণাসহ আরও বিভিন্ন জায়গায় ৭ টি মামলা রয়েছে। ভাঙ্গা থানার এসআই রোমান মোল্লা গ্রেপ্তারি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক: 























