মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রুহুল আমিন ওরফে সবুজকে নিয়ে স্থানীয় প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তাকে রামপাল ইউনিয়ন পরিষদে বদলি করা হলেও, মোটা অংকের আর্থিক লেনদেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের একটি প্রভাবশালী সিন্ডিকেটের সহায়তায় তিনি পুনরায় নিজের পুরোনো কর্মস্থল পঞ্চসারে ফিরে এসেছেন। সেখানে ফিরে আসার পর থেকেই তার বিরুদ্ধে পুরোনো কায়দায় ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার গুরুতর অভিযোগ নতুন করে ডালপালা মেলতে শুরু করেছে। এই বদলি প্রক্রিয়া এবং ক্ষমতার অপব্যবহারের নেপথ্যে থাকা কারিশমা নিয়ে স্থানীয় সচেতন মহলে গভীর অসন্তোষ বিরাজ করছে।
জুলাই অভ্যুত্থানের পরবর্তী প্রশাসনিক রদবদল এবং জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে গড়ে ওঠা সিন্ডিকেটের দৌরাত্ম্য বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে বিগত স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে পরিচিত এবং দীর্ঘ ষোলো বছর ধরে বিভিন্ন ইউনিয়নের অর্থ লুটপাটে যুক্ত থাকা কর্মকর্তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। এর অংশ হিসেবে মুন্সীগঞ্জ সদর, গজারিয়া, টঙ্গীবাড়ি, লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার বেশ কয়েকজন বিতর্কিত প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের অসাধু একটি চক্রের সঙ্গে লাখ লাখ টাকার বিনিময়ে রফা করে রুহুল আমিনসহ কতিপয় কর্মকর্তা বদলির আদেশের তোয়াক্কা না করে পুনরায় পূর্বের স্থানে ফিরে আসেন, যা গোটা প্রশাসনিক স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
পঞ্চসার ইউনিয়নকে এক প্রকার ‘মধুর খনি’ বা অবৈধ আয়ের প্রধান উৎস হিসেবে ব্যবহার করে আসছেন অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন। স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, এই জনপদটি বৃহৎ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল হওয়ার সুবাদে তিনি কলকারখানা, ডাইং ফ্যাক্টরি ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স প্রদান এবং নবায়নের নামে উদ্যোক্তাদের জিম্মি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। অতিরিক্ত ঘুষের দাবি মেটানো না হলে সাধারণ ফাইল আটকে রাখার মতো হয়রানি ছিল তার নিত্যদিনের রুটিন। অতীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এই দুর্নীতি চললেও, বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রশাসকের সঙ্গে গোপন সখ্য গড়ে তুলে তিনি আবারও একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন।
অবৈধ আয়ের অন্যতম বড় উৎস হিসেবে মুন্সীগঞ্জের নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবসার সঙ্গেও এই কর্মকর্তার গভীর যোগসাজশের অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটকে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে নিয়মিত মোটা অংকের মাসোহারা আদায় করতেন তিনি। শুধু তাই নয়, কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র বা বৈধ কাগজপত্র ছাড়াই পরিবেশ বিধ্বংসী নানা শিল্পপ্রতিষ্ঠানকে কলকারখানা পরিচালনার গোপন অনুমতি দিয়ে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগও দীর্ঘদিনের। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইউনিয়নবাসীর স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের পকেট ভারী করাই যেন তার মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল।
একজন সাধারণ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার বেতনে যে জীবনযাত্রার মান থাকার কথা, রুহুল আমিনের ক্ষেত্রে তার চিত্র সম্পূর্ণ বিপরীত। একসময়ে সাধারণ জীবনযাপন করা এই কর্মকর্তার বিরুদ্ধে রাজপ্রাসাদসম বাড়ি ও বেনামি সম্পত্তির পাহাড় গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে জানা যায়, মুন্সীগঞ্জ সদর ও বজ্রযোগনী ইউনিয়নের বিভিন্ন মৌজায় তার একাধিক বিলাসবহুল বাড়ি এবং বিশ বিঘারও বেশি কৃষিজমি ও স্থাবর সম্পত্তি রয়েছে। এমনকি রাজধানী ঢাকার অভিজাত এলাকা ও ডিওএইচএস-এর মতো গুরুত্বপূর্ণ স্থানে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট এবং বাণিজ্যিক স্পেসের মালিক তিনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারি এড়াতে এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তির সিংহভাগই তিনি নিজের স্ত্রী, নিকটাত্মীয় ও বিশ্বস্ত সহযোগীদের নামে বেনামে রেজিস্ট্রি করে রেখেছেন।
সম্পদের এই বিশাল পাহাড় গড়ার বিষয়ে বক্তব্য নেওয়ার উদ্দেশ্যে অভিযুক্ত ইউপি সচিব মো. রুহুল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানিয়ে সংযোগ কেটে দেন। অন্যদিকে, পঞ্চসার ইউনিয়নের বর্তমান প্রশাসকের কাছে এই কর্মকর্তা ও ইউনিয়নের চলমান অনিয়ম সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যান এবং রুহুল আমিনের অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে কোনো ধরনের তথ্য জানা নেই বলে দাবি করেন।
নিজস্ব প্রতিবেদক 























