কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মুক্তি পেয়েই তিনি বলেন, ‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না। ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না। সময় লাগতে পারে, কিন্তু চূড়ান্ত জয় সত্যেরই হবে, ন্যায়েরই হবে।’
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে কারাফটকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
আখতারুজ্জামান বলেন, ‘আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। আজকে আমি সব সময় সবার পক্ষে কথা বলার তৌফিক পেয়েছি। এই কয়েক দিন, এক মাসের কষ্টের পরও আজকে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি।’
তিনি বলেন, ‘আমাকে এভাবে তৈরি করে দিয়ে গেছেন, যাতে আমি জনগণের কল্যাণে, জনগণের পক্ষে কথা বলার তৌফিক পাই। আলহামদুলিল্লাহ, আমার বাবা-মায়ের কাছে আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘সত্যের জয় হবেই হবে। আমরা সত্যের রাজনীতি করি, আমরা ন্যায়ের রাজনীতি করি। আমরা আল্লাহর সন্তুষ্টির রাজনীতি করি, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করি। সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না। ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না।’
আখতারুজ্জামান বলেন, ‘সময় লাগতে পারে, কিন্তু চূড়ান্ত জয় সত্যের হবেই হবে, ন্যায়ের হবে। আমরা আল্লাহর পথে আছি। আমরা আল্লাহর শাসন কায়েম করার পক্ষে আছি। আমরা আল্লাহর সন্তুষ্টির পক্ষে আছি। এ দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীন বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব।’
এ সময় তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘দোয়া করবেন আমার জন্য, আমরা যেন জনগণের পাশে থাকতে পারি, জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে পারি।’
মুক্তির পর কারাফটকে উপস্থিত নেতাকর্মী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আজকে এখানে আমার ভাইয়েরা কষ্ট করে এসেছেন। আমাদের মহিলা এমপিরা এসেছেন। আমি তাঁদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের আসা আজকে আমার শক্তি।’
আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতারুজ্জামান বলেন, ‘আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আগামীতে কথা হবে। জামায়াতের আমির সাহেব আমার জন্য অপেক্ষা করছেন। আগে জামায়াতের আমির সাহেবের কাছে যাই। তাঁর কাছে পৌঁছি। তাঁর নির্দেশ নিয়ে, যা সত্য, অবশ্যই আপনাদের জানাব, ইনশাআল্লাহ। তবে তার আগে আমার দলের প্রধানের নির্দেশনা প্রয়োজন।’
এ সময় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 

























