কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর বাজারে একটি হাফেজি মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা কবির হোসেনকে (কবির হুজুর) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী দুই শিক্ষার্থীর বয়স ১১ ও ১২ বছর। তারা পার্শ্ববর্তী বড় কাছনাই গ্রামের বাসিন্দা। রোববার শিক্ষার্থীরা স্বজনদের কাছে যৌন নির্যাতনের অভিযোগ জানালে স্বজনরা মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক কবির হোসেন (কবির হুজুর) শিক্ষার্থীদের নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন বলে জানান স্বজনরা। এরপর তাঁরা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ মাদ্রাসায় গিয়ে শিক্ষক মাওলানা কবির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শিশু দুটির পরিবার পৃথক দুটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে হাফেজ মাওলানা কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা 






















