চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজে ফল বিপর্যয়ের ঘটনায় ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রদল। কলেজটির ৩০০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জন অকৃতকার্য হওয়ায় শিক্ষার মান ও ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে অধ্যক্ষসহ শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে প্রতিবাদ জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১ নভেম্বর) সকালে কলেজের অফিসকক্ষে উপস্থিত হয়ে অধ্যক্ষ নাজমা বেগমসহ শিক্ষকদের হাতে ফুলের তোড়া তুলে দেন উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী, সহসভাপতি সজিবুর রহমান শান্ত, নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি তারিক আজিজ, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেনসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ফল বিপর্যয়ের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই ছাত্রদলের পক্ষ থেকে এই ব্যতিক্রমী প্রতিবাদ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে রাজনৈতিক বিবেচনায় কোনো শিক্ষার্থীর ফরম পূরণ কিংবা এ-সংক্রান্ত তদবির নিয়ে ছাত্রদল বা বিএনপির কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মী কলেজে যাবেন না। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই ফরম পূরণের সুযোগ দিতে হবে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় যেন প্রাধান্য না পায়।
নুর মোহাম্মদ মেহেদী বলেন, ফুল আমাদের প্রতিবাদের ভাষা। আমরা চাই, কলেজের শিক্ষার পরিবেশ ও মানের উন্নয়ন হোক। শিক্ষার্থীরা যেন আগামীতে ভালো ফলাফল অর্জন করতে পারে, সে ক্ষেত্রে ছাত্রদলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
এ বিষয়ে বক্তব্য জানতে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এস এম আনোয়ার-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 





















