ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনিবস্তী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মো. আকাশ (১৪)-এর ঝুলন্ত মরদেহ ঢাকার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র তিন দিন আগে ঘুরতে ঢাকায় গিয়েছিলেন আকাশ।
ঘোরাঘুরি শেষে পরিবারের কাছে ফিরে আসার কথা থাকলেও শুক্রবার (৩১ অক্টোবর) সকালে তাঁর মৃত্যুর খবর পৌঁছায় বাড়িতে।
ঢাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে মরদেহ বাড়িতে আনার জন্য পরিবারের লোকজন ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
এদিকে আকাশের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
তাঁর বন্ধুদের বরাত দিয়ে প্রেমঘটিত কোনো বিষয়কে সম্ভাব্য কারণ হিসেবে আলোচনা করা হলেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছানোর পর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।
তরুণ আকাশের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মো. নুরুজ্জামান, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি 



















