কুমিল্লায় বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর কুমিল্লার শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেল চালককে থামার সংকেত দেয়। এ সময় ওই ব্যক্তি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নিজের নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও পরিচয়ের উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।
পরদিন, ২৫ অক্টোবর, মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল হোসেন। এ সময় তিনি আবারও নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তাঁর কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ হলে বিষয়টি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশকে জানায় ট্রাফিক পুলিশ।
খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তাঁর পরিচয় ও কর্মস্থল যাচাই করে। যাচাইয়ে তিনি সিআইডির কর্মকর্তা নন বলে নিশ্চিত হওয়া যায়।
পুলিশের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে ভুয়া নাম-ঠিকানা ও পদবি ব্যবহার করে সিআইডি কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোযুক্ত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।
এ ধরনের প্রতারকদের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মো. মাহফুজ আনোয়ার-জেলা প্রতিনিধি, কুমিল্লা 




















