ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাস আটকে পৌরসভার ইজারার নামে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নবীনগর-রাধিকা সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সংবাদ সংগ্রহের কাজে কয়েকজন টেলিভিশন সাংবাদিক মাইক্রোবাসে করে ধরাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথে আলীয়াবাদ মোড়ে তাঁদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করা হয়। সাংবাদিকরা ইজারার আওতামুক্ত বলে জানানোর পর যুবদল নেতা বিপ্লবকে ডেকে আনা হয়। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং মারতে উদ্যত হন বলে অভিযোগ উঠেছে।
নবীনগর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার সুযোগ নেই। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি ইজারা বাতিলের উদ্যোগ নেওয়ার কথা জানান।
সংসদ সদস্য আব্দুল মান্নানও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, তাঁর কোনো ভাতিজা নেই এবং পৌরসভা কর্তৃপক্ষকে ইজারা বাতিল করতে বলেছেন।
নিজস্ব প্রতিবেদক 





















