ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে একটি স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একজন প্রত্যক্ষদর্শী ঢাকা পোস্টকে জানান, আগুন দেখা না গেলেও ভবনটি থেকে হঠাৎ অস্বাভাবিক ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তা নিয়ন্ত্রণ করেন। অনেকে ধারণা করেছেন, সিগারেটের আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হতে পারে। তবে কেউই বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, সেখানে কোনো আগুন দেখা যায়নি; শুধু ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিস দ্রুত সেই ধোঁয়া নিয়ন্ত্রণে আনে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নিজস্ব প্রতিবেদক 























