নওগাঁর আত্রাইয়ে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ প্রতিরোধ ও নির্মূলে বিনামূল্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় আগের টিকাদান কর্মসূচিতে বাদ পড়া ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেওয়া হচ্ছে। চতুর্থ ধাপের এ কর্মসূচিতে উপজেলার প্রায় এক লাখ ছাগল-ভেড়াকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান ও মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল চকলেট, সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, পিপিআর ছাগল ও ভেড়ার একটি সংক্রামক রোগ। এ রোগের বিস্তার রোধ এবং প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি কমাতে নিয়মিত টিকাদান গুরুত্বপূর্ণ। এরই অংশ হিসেবে আগের কর্মসূচিতে বাদ পড়া ছাগল ও ভেড়াকে এবার বিনামূল্যে টিকার আওতায় আনা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ছাগল ও ভেড়ার পিপিআর রোগের সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি খামারি ও গৃহস্থ পর্যায়ে প্রাণিসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি 























