সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক বলেছেন, মানুষের জীবনে শিক্ষা ছাড়া সফলতা সম্ভব নয়। শিক্ষার আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম। শিক্ষার আলো মানুষের জীবনে আত্মনির্ভরতার পথ খুলে দেয়। একজন দরিদ্র পরিবারের সন্তানও শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ বদলে দিতে পারেন।
বুধবার দুপুরে বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের মাঠে দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি চাই, তোমরা ভালো করে পড়াশোনা কর। তোমাদের মতো আমিও একদিন এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম। এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে অনেকেই আজ দেশ-বিদেশে ভালো অবস্থানে আছেন। তোমাদের পড়াশোনা করতে গিয়ে যা যা সহযোগিতা করা দরকার, আমি তাই করব। এ স্কুলের মাঠ খেলাধুলার উপযোগী করতে ১০ লাখ টাকা বরাদ্দ দিয়ে গেলাম। আগামী ৩০ নভেম্বরের মধ্যে স্কুলে ক্যান্টিন করে দেব। তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া, তোমরা ভালো করে পড়াশোনা কর।”
বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাজনাবো ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বেনুজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণধুরু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আবু তাহের, বেলাবো উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, আলোর প্রতীক সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহফুজ রায়হান রাজু, বাজনাবো ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন, দক্ষিণধুরু সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আজিজুল হক ভূঁইয়া, বেলাবো উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. ওসমান মোল্লা, সদস্য মো. শাকিল মিয়া, বাজনাবো ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন প্রধানসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের অভিভাবকসহ অনেকে।
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার 






















