গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে শুরু হয়েছে ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে অঞ্চল-০৮ (কাশিমপুর)-কে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে অঞ্চল-০২ (পূবাইল)।
রোববার বিকেলে কাশিমপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে (গিয়াস উদ্দিন সরকার খেলার মাঠ) ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথম থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে চমৎকার ফুটবল প্রদর্শন করে। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর জয় নিয়ে বিজয়ের হাসি হাসে পূবাইল অঞ্চল।
এর আগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. হাসান উদ্দিন সরকার টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। পুরো খেলাজুড়ে চমৎকার ধারাভাষ্য ও মাইকে খেলা পরিচালনা করে মাঠ মাতিয়ে রাখেন বিশিষ্ট ক্রীড়াবিদ আব্দুর রহিম খান খালা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচটি ঘিরেই স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা যায় তুমুল উন্মাদনা। গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে মাঠের চারপাশে তিল ধারণের ঠাঁই ছিল না। স্থান সংকুলান না হওয়ায় অনেক ফুটবলপ্রেমী দর্শককে আশপাশের ভবনের ছাদে দাঁড়িয়ে খেলা উপভোগ করতে দেখা যায়।
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার 


















