দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা রহমাতুল মুনীম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ২৫টি হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান ওই ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
ওই আবেদনে উল্লেখ করা হয়, তাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে ওই দুই ব্যক্তির বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানকালে তাদের বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
আরও বলা হয়, অনুসন্ধান শেষ হওয়ার আগে এসব সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর করা হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এসব কারণে অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে ব্যাংক হিসাবগুলোতে থাকা অস্থাবর সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
নিজস্ব প্রতিবেদক 


















