টাঙ্গাইলের কালিহাতীতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে শহিদুল ইসলাম মন্ডল (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শহিদুল ইসলাম মন্ডল উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামের জাহাঙ্গীর আলম বিএম কলেজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় পটল বাজার থেকে বাড়ি ফিরছিলেন শহিদুল ইসলাম মন্ডল। পথে একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ইউসুফ আলী (মেকার) জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।
শহিদুলের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে বাজার থেকে বাড়ি ফেরার পথে শহিদুল ইসলাম মন্ডলকে একা পেয়ে কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।
জীবন আহমেদ রাব্বি, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি 





















