কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে নিন্দা জানিয়েছেন ফরিদা ইয়াসমিন।
দলের অনুমতি পেলে এ ঘটনায় আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফরিদা ইয়াসমিন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ।’
ফরিদা ইয়াসমিন আরও বলেন, ‘জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত। সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচরণের দিকে তাকিয়ে থাকেন। কুষ্টিয়ার সংসদ সদস্য মুফতি আমির হামজা তাঁকে ও তাঁর দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
দলের ওপর বিচারের ভার ছেড়ে দিয়ে ফরিদা ইয়াসমিন বলেন, তাঁকে ও তাঁর দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচার তিনি চান। দলের অনুমতি পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, বক্তব্যের প্রতিবাদে গতকাল দুপুরে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে এবং সন্ধ্যায় ভেড়ামারা উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সম্প্রতি দৌলতপুরে এক সভায় দেওয়া আমির হামজার বক্তব্যকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত।
ওই বক্তব্যে তিনি ফরিদা ইয়াসমিনের উদ্দেশে বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হননি এবং তাঁদের সাংবিধানিক গুরুত্ব নেই। তিনি নিজের পাওয়া ভোটের সংখ্যা উল্লেখ করে ফরিদা ইয়াসমিনের কোনো সরাসরি ভোট নেই বলেও মন্তব্য করেন।
এ ছাড়া ওই বক্তব্যে কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আমির হামজা। ডিসি, এসপি, ইউএনও, ওসিসহ সরকারি কর্মকর্তাদের জনগণের পছন্দের প্রতিনিধিদের পাশ কাটিয়ে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা না দেওয়ার আহ্বান জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 
























